দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও দীর্ঘদিনের শূন্য পদসমূহ পূরণসহ নতুন পদ সৃজনের দাবিতে স্মারকলিপি

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও দীর্ঘদিনের শূন্য পদসমূহ পূরণসহ নতুন পদ সৃজনের দাবিতে স্মারকলিপি।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ
GENERAL MATS STUDENTS UNITY COUNCIL
ই-মেইলঃ matsoikkoporishod@gmail.com
"কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ"
তারিখঃ ২৫-০৭-২০২৬
বরাবর
মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ঢাকা।
বিষয়ঃ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও দীর্ঘদিনের শূন্য পদসমূহ পূরণসহ নতুন পদ সৃজনের দাবিতে স্মারকলিপি।
মাননীয় মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমরা বাংলাদেশের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ গভীর উদ্বেগের সঙ্গে অবগত যে, "উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার" (SACMO) পদে গত প্রায় ১২ বছর ধরে কোনো নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। ফলে হাজার হাজার প্রশিক্ষিত ম্যাটস গ্রাজুয়েট আজ কর্মসংস্থানহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
স্বাস্থ্য বিভাগের বিদ্যমান তথ্য অনুযায়ী, "উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার" (SACMO) পদের মোট অনুমোদিত সংখ্যা প্রায় ৭,৯৭৮টি। এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে ৫,২৭৪টি এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ২,৭০৪টি পদ রয়েছে। বর্তমানে প্রায় ৩,২০০টিরও বেশি পদ শূন্য রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এসব পদে নিয়োগ না হওয়ায় দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সংকট সৃষ্টি হয়েছে এবং সাধারণ জনগণ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
ম্যাটস শিক্ষার্থীরা চার বছর মেয়াদি সরকারি স্বীকৃত শিক্ষাক্রম, ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ সম্পন্ন করে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ জনশক্তি হিসেবে নিজেদের প্রস্তুত করে। কিন্তু দীর্ঘদিন নিয়োগ কার্যক্রম বন্ধ থাকায় এই জনশক্তি রাষ্ট্রের বোঝা হয়ে দাঁড়াচ্ছে এবং একদিকে শিক্ষিত বেকার বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যখাত প্রয়োজনীয় জনবল থেকে বঞ্চিত হচ্ছে।
গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে "উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের" ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে (SACMO) পদে পর্যাপ্ত জনবল নিয়োগ সময়ের দাবি।
আমাদের দাবিসমূহ নিম্নরূপঃ
১। "উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার" (SACMO) পদে অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
২। দীর্ঘদিনের প্রায় ৩,২০০টি শূন্য পদ দ্রুত পূরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩। দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক নতুন (SACMO) পদ সৃষ্টি করতে হবে।
৪। ম্যাটস শিক্ষার্থীদের ন্যায্য কর্মসংস্থান নিশ্চিত করতে নিয়মিত ও সময়োপযোগী নিয়োগ কার্যক্রম চালু রাখতে হবে।
৫। স্বাস্থ্যখাতে বিদ্যমান জনবল সংকট নিরসনে (SACMO) পদকে অধিক গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
অতএব, বিষয়টি দ্রুত বিবেচনা করে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং হাজার হাজার ম্যাটস শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে আমাদের উপরোক্ত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য আপনার সদয় হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।
বিনীত নিবেদক,
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ,
বাগেরহাট সরকারি ম্যাটস শাখা।
মোবাঃ ০১৭০৫-৩১৯৬৭৫
কেন্দ্রীয় কার্যালয়ঃ ফিরোজ টাওয়ার, ৮৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, ঢাকা-১২১৫ | মোবাইলঃ +৮৮০১৮৪৯-৯৫৪৫৯২